পঞ্চগড়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে বোদা উপজেলার দুটি উচ্চ বিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার একটি দাখিল মাদ্রাসা রয়েছে।
প্রতিষ্ঠান তিনটি হলো- বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশ নেয়। সে অকৃতকার্য হয়েছে। অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। আর তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা থেকে ২১ জন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) সরেজমিনে বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও দুপুরে উপস্থিত ছিল মাত্র ১০ জনের মতো। এ সময় বিদ্যালয়ে তিনজন শিক্ষককে পাওয়া যায়। তবে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষক-কর্মচারীদের পাওয়া যায়নি। এমনকি বিদ্যালয়টির কোথাও কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি।
অন্যদিকে বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়েও কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি। বিদ্যালয়ের একটি কক্ষ বন্ধ অবস্থায় দেখা যায়। পাশেই টিনের ছাউনি দেওয়া একটি বড় ঘর থাকলেও সেখানে দরজা-জানালা ও বেড়া নেই। বিদ্যালয়টির কার্যক্রম সম্পর্কে উপজেলা শিক্ষা কার্যালয়েও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুর ইসলাম বলেন, প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের তথ্য অনুযায়ী, বোদা উপজেলায় দুটি নন-এমপিও প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী ছিল, সে ফেল করেছে। আর বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে তিনজনই ফেল করেছে।
ডিবিসি/ এসভিএন