২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিগত বছরগুলোর ধারাবাহিকতা বজায় রেখে এবারও পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ, যার মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানের এ পর্যায়ে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
প্রকাশিত তথ্যানুযায়ী, চলতি বছর দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। সব মিলিয়ে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। অংশগ্রহণকারী এই পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
পরীক্ষার্থীদের বোর্ডভিত্তিক পরিসংখ্যানে জানানো হয়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে সর্বোচ্চ ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের (দাখিল) অধীনে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ডিবিসি/এফএইচআর