আগামী ২০ জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থায় সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, শিক্ষা কারিকুলাম পরিবর্তনে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। পুরো কারিকুলাম কয়েক মাসের মধ্যে পরিবর্তন করা সম্ভব না হওয়ায় এ বছর কিছু বিষয়ে পরিমার্জন আনা হবে এবং ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ কারিকুলাম সংস্কারের লক্ষ্যে কাজ চলছে। এর অংশ হিসেবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ২০২৭-২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে ২০২৭ সাল থেকে এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ভবিষ্যতে এটি ৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সরকার আশাবাদী। পাশাপাশি বিগত সরকারগুলোর আমলে শিক্ষা মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিস্তারিত তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রকাশের ঘোষণাও দেন তিনি।
ডিবিসি/এফএইচআর