সারাদেশে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এবারের এই পাবলিক পরীক্ষায় সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের এই পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনেই পরীক্ষা দিচ্ছে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র সাত লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ছয় লাখ ৬৭ হাজার ৩০৫ জন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা বোর্ডের অধীনে, যার সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৬৫০ জন। এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে দিনাজপুরে এক লাখ ৮১ হাজার ৮৫৪ জন, রাজশাহীতে এক লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় এক লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে এক লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে এক লাখ ৩০ হাজার ৬৬৮ জন, ময়মনসিংহে এক লাখ ৮ হাজার ৩৫৯ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন এবং বরিশালে ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী রয়েছেন।
অন্যদিকে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনেও বিপুল সংখ্যক পরীক্ষার্থী রয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে তিন লাখ চার হাজার ২৮৬ জন শিক্ষার্থী, যার মধ্যে এক লাখ ৬১ হাজার ৪৯১ জন ছাত্র ও এক লাখ ৪২ হাজার ৭৯৫ জন ছাত্রী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে, যার মধ্যে ছাত্র এক লাখ এক হাজার ৫০৯ জন ও ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
চলতি বছরের এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে মোট তিন হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।
সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে ঢাকা বোর্ডে, যার সংখ্যা ৫১০টি এবং সবচেয়ে কম ১৮৮টি কেন্দ্র রয়েছে ময়মনসিংহে। এর বাইরে মাদরাসা বোর্ডের আওতায় ৭৪২টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডিবিসি/আরএসএল