বাংলাদেশ, অর্থনীতি, অপরাধ

এস আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান আপাতত বন্ধ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে আগস্ট ২০২৩ ১১:২০:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ ও অর্থ স্থানান্তরের বিষয়ে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশের ওপর স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

বুধবার (২৩ আগস্ট) এস আলম গ্রুপের পক্ষে করা আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা দেন। ওই তারিখে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

আদালত বলেছেন, সব পক্ষকে বিষয়বস্তু নিয়ে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে বলা হলো। ৮ জানুয়ারি আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হলো। সেদিন কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকের পরে বিষয়টি থাকবে।

এর আগে ডেইলি স্টার পত্রিকায় ‘এস আলম’স আলাদিন’স ল্যাম্প’ (এস আলমের আলাদিনের চেরাগ) শিরোনামে ৪ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আনার পর শুনানি নিয়ে ৬ আগস্ট হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন।

অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে এস আলম ও তার স্ত্রী ২১ আগস্ট আপিল বিভাগে আবেদন করেন, যার ওপর আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কেসি, আহসানুল করিম ও মোহাম্মদ সাঈদ আহমেদ। দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান শুনানিতে অংশ নেন।

পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, ‘এস আলম গ্রুপ নিয়ে ওই প্রতিবেদনের অভিযোগ অনুসন্ধান–সম্পর্কিত বিষয়ে সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন চেম্বার আদালত। ফলে এস আলম গ্রুপ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সংস্থাকে অনুসন্ধান করতে যে আদেশ দেওয়া হয়েছিল, তা স্থগিত থাকবে।’

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন