জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই বিজয়কে গণতন্ত্রের এবং বাংলাদেশের সাধারণ মানুষের বিজয় হিসেবে অভিহিত করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা প্রকৃত অর্থেই স্বাধীন।
রাষ্ট্র পরিচালনায় আসন্ন চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। তবে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন একটি কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে।
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি সম্ভব হয়েছে কেবল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে।
ভবিষ্যতে যেন কোনো অপশক্তি দেশে পুনরায় একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান এবং তাদের আন্তরিক অভিনন্দন জানান।
ডিবিসি/এএমটি