নিউ ইয়র্ক সিটির দীর্ঘ কয়েক দশকের পুরোনো মেয়র পদের ঐতিহ্য ভেঙে আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক 'ইসরায়েল ডে প্যারেডে' অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক-সোশ্যালিস্ট মেয়র জোহরান মামদানী। সিটিতে রেকর্ড পরিমাণ ইহুদিবিদ্বেষ বৃদ্ধির মাঝেই মেয়রের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সিটির দুটি প্রধান ইহুদি সংগঠন মেয়রের সরকারি বাসভবন গ্র্যাসি ম্যানসনে আয়োজিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি ইহুদি মানুষের বসবাস এই নিউ ইয়র্ক সিটিতে। এখানকার ইহুদি জনগোষ্ঠীর কাছে এই বার্ষিক প্যারেডটি সবসময়ই ইসরায়েল রাষ্ট্র এবং তাদের নিজেদের সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে।
সাবেক মেয়র এরিক অ্যাডামসের আমলে মেয়রের ইহুদিবিদ্বেষ প্রতিরোধ সেল-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মোশে ডেভিস ফক্স নিউজকে বলেন, ১৯৬৪ সালের প্রথম প্যারেড থেকে শুরু করে আজ পর্যন্ত নিউ ইয়র্ক সিটির প্রতিটি ক্ষমতাসীন মেয়র এই উৎসবে যোগ দিয়েছেন। ইসরায়েলের সাথে নিউ ইয়র্কের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত গভীর। এই প্যারেডে অংশ না নেওয়া নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রতি এক ধরণের অবমাননা।
চলতি মাসের শুরুর দিকে মেয়র জোহরান মামদানী আনুষ্ঠানিকভাবে এই প্যারেডে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে তার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্যারেডে না গেলেও অনুষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করা বা প্রয়োজনীয় পারমিট দেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না।
জেউইশ টেলিগ্রাফিক এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে মেয়র মামদানী বলেন, আমি নিউ ইয়র্কের ইহুদি জীবন, সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের জন্য আয়োজিত অনেক অনুষ্ঠানে অংশ নিতে এবং সেগুলো আতিথেয়তা করতে উন্মুখ। ইসরায়েল ডে প্যারেডে আমার অনুপস্থিতিকে যেন নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না দেওয়ার মানসিকতা হিসেবে ভুল ব্যাখ্যা করা না হয়। আমি পৃথিবীর সব মানুষের সমান অধিকারে বিশ্বাসী এবং এই নীতিই আমাকে পরিচালিত করে।
এর আগে নির্বাচনি প্রচারণার সময়ই মামদানী ইঙ্গিত দিয়েছিলেন যে, নিজের রাজনৈতিক আদর্শের কারণে তিনি সিটির প্রথাগত অনেক প্যারেডই এড়িয়ে চলবেন এবং বিষয়গুলোকে পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবেন।
মেয়রের এই সিদ্ধান্তের প্রতিবাদে ইউজেএ-ফেডারেশন অব নিউ ইয়র্ক এবং জেউইশ কমিউনিটি রিলেশনস কাউন্সিল অব নিউ ইয়র্ক মেয়রের পক্ষ থেকে আয়োজিত আসন্ন শাভুত উৎসবের ইহুদি ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি বয়কট করেছে। সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, যে মেয়র ইহুদিদের মূল ভিত্তি-অর্থাৎ ইসরায়েলকে ইহুদিদের জন্মভূমি হিসেবে অস্বীকার করেন, তার আয়োজিত কোনো অনুষ্ঠানে তারা অংশ নেবেন না।
অবশ্য সেই অনুষ্ঠানে মেয়র মামদানী সিটিতে ইহুদিবিদ্বেষ বাড়ার বিষয়টি স্বীকার করে বলেন, নিউ ইয়র্কের মোট জনসংখ্যার মাত্র ১২ শতাংশ ইহুদি হওয়া সত্ত্বেও সিটির মোট বর্ণবাদী ও ঘৃণাজনিত অপরাধের ৫০ শতাংশেরই শিকার হচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সিটির হেট ক্রাইম প্রিভেনশন দপ্তরের জন্য বার্ষিক ২৬ মিলিয়ন ডলারের একটি বাজেট প্রস্তাব করেছেন।
মেয়রের এই বয়কটের জবাবে প্যারেড আয়োজকরা জানিয়েছেন, এবারের প্যারেডে রেকর্ড সংখ্যক মানুষ অংশ নেবেন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও এই প্যারেডে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক মেয়র এরিক অ্যাডামস এই সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রযুক্তি ও উদ্ভাবন-সব ক্ষেত্রে ইসরায়েল এবং নিউ ইয়র্ক সিটি অংশীদার। আমি চাই প্রতিটি নিউ ইয়র্কবাসী এই প্যারেডে যোগ দিন।
ডোনাল্ড ট্রাম্পের আমলের ইহুদিবিদ্বেষ পর্যবেক্ষণ ও প্রতিরোধ বিষয়ক বিশেষ দূত রাব্বি ইহুদা কাপলুন মেয়রের সমালোচনা করে বলেন, নেতাদের দায়িত্ব ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা এবং উসকানিমূলক মন্তব্য থেকে বিরত থাকা। যারা এটি করতে ব্যর্থ হন, তারা ইহুদিবিদ্বেষ বাড়ার দায় এড়াতে পারেন না।
সূত্র: ফক্স নিউজ
ডিবিসি/এসএফএল