আন্তর্জাতিক, ভারত

ওড়িশায় বিদ্যুৎ বিপর্যয়ে প্রায় সাড়ে ৫ হাজার মুরগির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের ওড়িশা রাজ্যের মালকানগিরি জেলার একটি পোল্ট্রি ফার্মে তীব্র গরমের মধ্যে মাত্র তিন ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটে ৫,৩০০ এর বেশি মুরগির মৃত্যু হয়েছে। পরিবেশ-নিয়ন্ত্রিত ওই পোল্ট্রি ফার্মের মালিক টুটু প্রধান জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় খামারের কুলিং বা ঠান্ডা রাখার ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং এর ফলেই মুরগিগুলো মারা যায়।

ওই অঞ্চলে তাপমাত্রা বাড়তে থাকায় খামারের ভেতরের ফ্যান ও ভেন্টিলেশন সিস্টেম চালু রাখতে খামারটি সম্পূর্ণ বিদ্যুতের ওপর নির্ভরশীল ছিল। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারটি হঠাৎ বিকল হয়ে পড়ায় এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে। সম্পূর্ণ বন্ধ খামারের ভেতর তীব্র তাপ তৈরি হওয়ায় মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে এবং হিট স্ট্রেসের কারণে মারা যায়।

 

কর্মকর্তা ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মৃত মুরগিগুলোর মোট ওজন আনুমানিক ১২ থেকে ১২.৫ টন। খামার মালিকের দাবি, এর ফলে তার প্রায় ১৫ লাখ রুপির ক্ষতি হয়েছে। জরুরি পরিস্থিতিতে কুলিং সিস্টেম চালু রাখতে টুটু প্রধান ডিজেল চালিত জেনারেটর চালানোর চেষ্টা করেছিলেন। 

 

তবে তার অভিযোগ, কাছের জ্বালানি স্টেশনগুলোতে ডিজেল পাওয়া যায়নি। বারবার অনুরোধ করা সত্ত্বেও ড্রামে করে তাকে ডিজেল দিতে অস্বীকৃতি জানানো হয়। ফলে জ্বালানির অভাবে জেনারেটরটি চালু করা সম্ভব হয়নি। বিদ্যুৎ ও কুলিং ব্যবস্থা পুনরায় চালু করার আগেই ৫,৩০০ মুরগি মারা যায়।

 

টুটু প্রধান জানান, মালকানগিরির তীব্র গরমে পোল্ট্রি ফার্মগুলোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি। তিনি বলেন, ডিজেল সংকটের কারণে আমার বিশাল ক্ষতি হয়ে গেল। বিদ্যুৎ ছিল না, আর ডিজেল ছাড়া জেনারেটরও চালানো যায়নি। মালকানগিরির এই তীব্র গরমে জেনারেটর চালাতে ঘণ্টায় প্রায় ৭ লিটার ডিজেল প্রয়োজন হয়। ডিজেল না পাওয়ার কারণেই মুরগিগুলো মারা গেছে বলে তিনি সরাসরি অভিযোগ করেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন