আন্তর্জাতিক, আমেরিকা

ওবামা দম্পতিকে ‘বানর’ হিসেবে উপস্থাপন: তোপের মুখে ভিডিও সরালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বর্ণবাদীভাবে ‘বানর’ হিসেবে উপস্থাপন করা একটি ভিডিও শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের দল রিপাবলিকান এবং বিরোধীদের প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত ভিডিওটি সরিয়ে নিতে বাধ্য হন তিনি।

ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ৬২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটির মূল বিষয়বস্তু ছিল ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ। তবে ভিডিওর শেষাংশে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানের সঙ্গে ওবামা দম্পতির একটি আপত্তিকর ক্লিপ যুক্ত ছিল, যেখানে তাদের বানর হিসেবে দেখানো হয়।

 

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমি কোনো ভুল করিনি। তিনি দাবি করেন, পোস্ট করার আগে তিনি ভিডিওটির শুধুমাত্র শুরুর অংশ দেখেছিলেন এবং জানতেন না যে এতে ওবামাদের এমনভাবে চিত্রিত করা হয়েছে। তিনি বলেন, ভিডিওটি দেখার পর আমার কর্মীরা সম্ভবত এটি নামিয়ে ফেলার প্রয়োজনীয়তা বোধ করেছিল। আমরা বিষয়টি জানার পরপরই এটি নামিয়ে ফেলেছি।

 

ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতারাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সাউথ ক্যারোলিনার কৃষ্ণাঙ্গ রিপাবলিকান সিনেটর টিম স্কট বলেন, এটি এই হোয়াইট হাউস থেকে আসা সবচেয়ে বর্ণবাদী বিষয়। তিনি ট্রাম্পকে ভিডিওটি সরিয়ে ফেলার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া নিউইয়র্কের প্রতিনিধি মাইক ললার এবং ইউটাহর সিনেটর জন কার্টিসও ঘটনাটিকে অমার্জনীয় ও বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন।

 

শুরুতে হোয়াইট হাউস ভিডিওটির পক্ষে সাফাই গায়। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এটিকে নিছক একটি ইন্টারনেট মিম বলে অভিহিত করেন এবং সমালোচকদের ভুয়া ক্ষোভ বন্ধ করার আহ্বান জানান। তবে রিপাবলিকান সিনেটরদের সমালোচনার পর সুর নরম করে হোয়াইট হাউস। এক কর্মকর্তা জানান, একজন কর্মী ভুলবশত এটি পোস্ট করেছিলেন।

 

এনএএসিপি-এর প্রেসিডেন্ট ডেরিক জনসন ভিডিওটিকে ঘৃণ্য বলে অভিহিত করেছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার সরাসরি ট্রাম্পকে বর্ণবাদী আখ্যা দিয়েছেন। হাউসের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ সকল রিপাবলিকানকে ট্রাম্পের এই আচরণের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।

 

উল্লেখ্য, ভিডিওটিতে শুধু ওবামা দম্পতিই নন, হিলারি ক্লিনটন, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ এবং জো বাইডেনকেও প্রাণী হিসেবে ব্যঙ্গাত্মকভাবে দেখানো হয়েছিল। ওবামা দম্পতি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

 

তথ্যসূত্র বিবিসি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন