সৌদি আরবের রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যাওয়া পথে প্রাইভেট কার দুর্ঘটনায় মা,ছেলে ও মেয়েসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবা শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল।
বৃহস্পতিবার(২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর তিনটার দিকে সৌদি আরবের রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তানিয়া তাহমিনা রিনা (৪৫), ছেলে তাসবিক (২০) ও মেয়ে জারা (১৫)। আহতরা হলেন,স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।
তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর বলেন, আমার ফুফাতো বোন, দুলাভাই এবং তাদের তিন ছেলে মেয়েসহ বৃহস্পতিবার সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিল। রিয়াদ থেকে রওনা হয়ে ৩০০ কিলোমিটার যাওয়ার পরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। দুইজন মারাত্মক আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ বলেন, আমার বোন, দুলাভাই, তাদের ছেলে মেয়েসহ পাঁচজন ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে প্রাইভেটকারের পিছন থেকে বড় কোনো গাড়ি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে আমার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি নিহত হন। আমার ভগ্নিপতি ও আরেক ভাগ্নে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।
ডিবিসি/এসএস