আন্তর্জাতিক

ওমানে বোমা ফেলার হুমকি ট্রাম্পের!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতার পথে ‘বাধা সৃষ্টি করলে’ ওমানে তীব্র বোমা হামলা চালানোর কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ওমান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে, তবে দেশটির ওপর তীব্র বোমা হামলা চালানো হবে। কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে কয়েক সপ্তাহ ধরে ওমান ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, উভয় পক্ষ এ বিষয়ে একটি যৌথ ঘোষণার লক্ষ্যে কাজ করছে।

 

তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এমনকি সম্প্রতি তিনি এই প্রণালিকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করার কথাও জানান। ট্রাম্পের এমন দাবির পাল্টা জবাবে তেহরান জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ কেবল ইরানের নিয়ন্ত্রণেই থাকবে।

 

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালি একটি উন্মুক্ত ও অতিগুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তেহরান বর্তমানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক ও পারমাণবিক চাপের বিরুদ্ধে একে দর-কষাকষির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। প্রণালিটির উত্তর দিকে ইরান এবং দক্ষিণ দিকে ওমানের অবস্থান। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প মন্তব্য করেন, ইরানের এখন আত্মসমর্পণের প্রতীক হিসেবে ‘সাদা পতাকা’ ওড়ানো উচিত।

 

এদিকে যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও ট্রাম্প জানিয়েছেন, কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। একই সঙ্গে মার্কিন প্রশাসন ও ইরানের রেভোলিউশনারি গার্ডের কর্মকর্তাদের মধ্যে সরাসরি একটি গোপন যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
 

সূত্র: গার্ডিয়ান

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন