আন্তর্জাতিক, আরব

ওমান উপসাগরে অস্ত্রবাহী জাহাজ জব্দ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ওমান উপসাগরে সক্রিয় একটি ভাসমান অস্ত্রাগার জাহাজ জব্দ করেছে ইরানি সামরিক বাহিনী। সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ড এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে জাহাজটিকে ইরানি জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

বিবিসি ভেরিফাই-এর তথ্যমতে, জব্দকৃত জাহাজটির নাম হুই চুয়ান, যা হন্ডুরাসের পতাকাবাহী। এর পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জাহাজটি মূলত একটি ভাসমান গুদাম হিসেবে ব্যবহৃত হতো। এখানে বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থার অস্ত্র ও গোলাবারুদ মজুত রাখা হয়। সমুদ্রে জলদস্যুদের আক্রমণ থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করতে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা এখান থেকেই অস্ত্র সংগ্রহ ও জমা দেন।


মেরিন ট্রাফিক-এর তথ্য অনুযায়ী, গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।


একই সময়ে ওমান উপকূলে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ হামলার শিকার হয়ে ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। হাজি আলী নামের ওই জাহাজটিতে ড্রোন বা মিসাইল হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে ভ্যানগার্ড।


৫৭ মিটার দীর্ঘ এই জাহাজটি গত ৬ মে সোমালিয়ার বারবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশে রওনা হয়েছিল। গবাদি পশু বোঝাই জাহাজটিতে হঠাৎ আগুন লেগে যায় এবং পরবর্তীতে এটি ডুবে যায়।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। তবে ওমানি কর্তৃপক্ষের সহায়তায় জাহাজে থাকা ১৪ জন ভারতীয় ক্রুকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন