অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। আজ রবিবার (১২ এপ্রিল) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অনেকগুলো হুবহু সংসদে পাস হলেও কয়েকটি অধ্যাদেশ রহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংশোধনের মাধ্যমে আরও গ্রহণযোগ্য ও কার্যকর আইন হিসেবে প্রণয়ন করা হবে। নিজের গুম হওয়ার স্মৃতি চারণ করে তিনি বলেন, ‘জারি করা অধ্যাদেশগুলোর সবকিছু যে নিখুঁত ছিল, তা নয়। আমি নিজেও গুমের শিকার, তাই গুম নিয়ে একটি শক্ত ও কার্যকর আইন করা হবে।’
বিরোধী দলের সংসদ থেকে ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, এটি তাদের সংসদীয় অধিকার হলেও যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছে সেগুলো বাস্তবসম্মত ছিল না এবং সংসদের বাইরে তারা ভুল তথ্য দিচ্ছে। অথচ বিরোধী দল যেসব অধ্যাদেশ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল, পরবর্তীতে সেগুলোই প্রায় হুবহু আকারে সংসদে উত্থাপন করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর