গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের উৎপাদন কার্যক্রম, সোলার পাওয়ার প্ল্যান্ট ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সম্প্রতি তিনি এই হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সমাজকল্যাণ মন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম রেজাউল আলম এবং এস এম মঞজুরুল আলম অভি।
হেডকোয়ার্টার্সে পৌঁছে মন্ত্রী প্রথমে ওয়ালটনের তৈরি বিভিন্ন প্রযুক্তিপণ্যে সুসজ্জিত বিশাল ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। এরপর তিনি অত্যাধুনিক এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) মেশিনে পিসিবি বা মাদারবোর্ড উৎপাদন কার্যক্রমসহ বিভিন্ন বিশ্বমানের পণ্যের উৎপাদনপ্রক্রিয়া প্রত্যক্ষ করেন।
এ ছাড়া তিনি ওয়ালটন হেডকোয়ার্টার্সে স্থাপিত দেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্টও পরিদর্শন করেন। এ সময় তিনি ওয়ালটনের প্রযুক্তিগত উৎকর্ষ, কঠোর মান নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন (R&D) এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
পরিদর্শন শেষে মুগ্ধতা প্রকাশ করে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে ওয়ালটন সম্পূর্ণ ফিনিশড পণ্য উৎপাদন করছে। ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব যেমন উন্নত, তেমনি দামের দিক থেকেও তা সাশ্রয়ী।’
তিনি আরও বলেন, ‘বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করছে ওয়ালটন। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ওয়ালটনের মতো এমন প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব শিল্পের বিকাশ অত্যন্ত জরুরি।’
ডিবিসি/এমএনকে