কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ে ফুলেশ্বরী খালে লাকড়ি সংগ্রহ করার সময় ঢলের পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মোহাম্মদ সাজেদ (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কোনাপাড়া সংলগ্ন ফুলেশ্বরী খালে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ সাজেদ একই এলাকার নুরুল ইসলামের ছেলে।
সাজেদের স্বজনদের বরাতে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুবিন বলেন, গত কয়েকদিন ভারী ও অতিভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা খাল ও প্রাকৃতিক ছড়া দিয়ে প্রবল ঢল নেমে আসছিল।
তিনি জানান, বুধবার বিকাল ৫ টার দিকে ঈদগড়ের হাসনাকাটা কোনাপাড়া সংলগ্ন ফুলেশ্বরী খালে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে স্থানীয়দের সঙ্গে শিশু সাজেদও লাকড়ি সংগ্রহ করছিল। এক পর্যায়ে উজানী ঢলের প্রবল স্রোতের টানে সে ভেসে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
ঘটনার পর থেকে স্বজনরা ফুলেশ্বরী খালের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও রাত ১০টা পর্যন্ত সাজেদের কোনো সন্ধান পায়নি বলে জানান ইউপি সদস্য মুবিন।
ডিবিসি/এসএস