টেকনাফ ও সেন্টমার্টিন উপকূলের পর এবার কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত ও বিকৃত মৃতদেহ। এ নিয়ে দুইদিনে অজ্ঞাত তিন নারীসহ চারজনের লাশ উদ্ধার হলো উপকূলে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে সুগন্ধা পয়েন্টে সৈকতে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়র পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় অর্ধগলিত অবস্থায় পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মৃতদেহটি পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। শরীরের বিভিন্ন অংশে হাড় থেকে মাংস খসে পড়েছে। মুখমন্ডলও বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শরীরের অবয়ব ও পোষাকের ধরন দেখে মরদেহটি পুরুষের বলে শনাক্ত করতে সক্ষম হয়েছি।
ধারণা করা হচ্ছে অন্তত সপ্তাহখানেক আগে লোকটির মৃত্যু হয়েছে। লাশের পরিচয় শনাক্তে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে, বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপ থেকে দুইজনের এবং বৃহস্পতিবার দুপুরে রাজারছড়া সৈকত থেকে একজনসহ অজ্ঞাত পরিচয়ের তিন নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার হয়েছিল।
ডিবিসি/এসএস