কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ইজিবাইকযোগে পাচারকালে ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটক আনাস মোহাম্মদ (২৪) উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১২ ব্লকের বাসিন্দা জাহেদ হোসেনের ছেলে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টায় মেরিন ড্রাইভে টেকনাফের বাহারছড়া এলাকা দিয়ে যানবাহনযোগে মাদকের একটি চালান পাচারের খবর পায় কোস্টগার্ড। একপর্যায়ে টেকনাফমুখী সন্দেহজনক একটি ইজিবাইক আসতে দেখে কোস্টগার্ড সদস্যরা থামার নির্দেশ দেন। এ সময় ইজিবাইকে থাকা এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালান। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। এ সময় ইজিবাইকটি তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৫০ লিটার দেশীয় মদ। জব্দ করা হয় মদ পরিবহনের কাজে ব্যবহৃত ইজিবাইকটিও। উদ্ধার করা এসব মদের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই গণমাধ্যম কর্মকর্তা।
ডিবিসি/এসভিএন