চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল।
বুধবার (১৫ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদের পাশাপাশি প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকালে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ পুলিশ আটক করেছে। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা নথিভুক্ত করে আদালতে প্রেরণ করে।
ডিবিসি/এসভিএন