কক্সবাজারের রামুতে একটি বসত ঘর থেকে ৪০ হাজার ইয়াবা বড়িসহ স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রী ও এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গককাল বুধবার (২০ মে) মধ্যরাতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকায় রামু থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়া এলাকার নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসিম ওরফে ওসমান (৩৫)। আটক ছালেহা বেগমের স্বামী নজরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি বড় চালান মজুদের গোপন খবরে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছালেহা বেগম ও রোহিঙ্গা নাগরিক হাসিমকে আটক করা হয়। পরে ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় লুকিয়ে রাখা ৪০ হাজার পিস ইয়াবা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, রোহিঙ্গা নাগরিক হাসিম সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে নজরুল ইসলামের বাড়িতে মজুদ রাখতেন এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে তা বিভিন্ন গন্তব্যে পাচার করা হতো।
নজরুল ইসলামের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন নিশ্চিত করেছেন যে, নজরুল ইসলাম ইউনিয়ন কমিটির বর্তমান সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তবে তিনি এই চোরাচালানের সাথে জড়িত কি না, সে বিষয়ে অবগত নন বলে জানান তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত ঘিরে গড়ে ওঠা এই ইয়াবা চোরাচালান সিন্ডিকেটের পেছনে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ও রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক কাজ করছে। যার অন্যতম নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতা নজরুল ইসলাম। এ ঘটনায় রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/টিবিএ