কক্সবাজারের ঈদগাঁও থানায় বরেণ্য কবি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার পৈতৃক বাড়ি থেকে একটি প্রাচীন সিন্দুক চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার পোকখালী ইউনিয়নের ঈসাখালি গ্রামে কবির জন্মভিটায় এই চুরির ঘটনা ঘটে।
হুদা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি হওয়া সিন্দুকটি আনুমানিক ২০০ বছরের পুরোনো। কবি নূরুল হুদার দাদা মরহুম ফলকুসুর রহমান সিকদার তার পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সিন্দুকটি পেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এটি হুদা পরিবারের কাছে সংরক্ষিত ছিল। পরিবারের দাবি, সিন্দুকটির প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক টন ওজনের ভারী এই সিন্দুকটি স্থানান্তরের জন্য অন্তত ২০ জন শক্তিশালী যুবকের প্রয়োজন হয়। চুরির আগ পর্যন্ত এটি বাড়ির গ্যারেজে রাখা ছিল। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, সিন্দুকটি চুরির পর নিয়ে যাওয়ার সময় বাড়ির ভেতরে ভারী যানবাহনের চাকার ছাপ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ চক্র ক্রেন বা ভারী গাড়ির সাহায্যে এটি নিয়ে গেছে।
এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা যায়।
ডিবিসি/এসএফএল