কক্সবাজারের রামুতে চুরির অভিযোগে স্থানীয় জনতার তাড়া খেয়ে গণপিটুনির ভয়ে ময়লার ড্রেনে লুকিয়ে পড়া এক চোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তাকে অক্ষত অবস্থায় বের করে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলা সদরের চৌমুহনী বাজারস্থ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ওই ব্যক্তি একটি বসতবাড়ি চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন তাকে ধাওয়া করেন। এ সময় গণপিটুনির আশঙ্কায় তিনি পালানোর চেষ্টা করেন এবং রাস্তার পাশের একটি গভীর ময়লার ড্রেনে নেমে আত্মগোপন করেন। ড্রেনের ভেতরে অত্যন্ত সরু ও দুর্গম স্থানে তিনি অবস্থান নেওয়ায় স্থানীয়দের পক্ষে তাকে বের করে আনা সম্ভব হয়নি।
পরবর্তীতে এলাকাবাসী আইন নিজেদের হাতে তুলে না নিয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত হন। দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ব্যক্তিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, স্থানীয়রা আইন নিজের হাতে না তুলে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।
ডিবিসি/আরএসএল