বাংলাদেশ

কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে দ্বগ্ধ একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এন আলম গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ অটোরিকশা চালক আবু তাহের (৪২) মারা গেছেন। রাববার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু তাহের কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রামের আব্দুর রহিমের ছেলে।

নিহতের প্রতিবেশী ও স্থানীয় সমাজ কমিটির সভাপতি নাছির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৫ ফেব্রুয়ারি রাতে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় আবু তাহেরসহ ১৫ জন দগ্ধ ও আহত হন। দগ্ধদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে আবু তাহেরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে মরদেহ কক্সবাজারে আনার প্রক্রিয়া চলছে।

 

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে এন আলম গ্যাস পাম্পের ট্যাংক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পাম্প কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশের ৩০টি গাড়ি ও ৪টি বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান মোহাম্মদ এস খালেদ জানিয়েছিলেন, চিকিৎসাধীন বাকিদের মধ্যে রহিমের ৫০ শতাংশ এবং সিরাজের ৪০ শতাংশসহ অন্যদের শরীর ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানান, ঢাকায় একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবহিত হয়েছে এবং মরদেহ পৌঁছানোর পর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলমকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন