কক্সবাজারের রামুতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতিকুর রহমান (১৯) নামে এক যুবক নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
আজ সোমবার (০৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৬ মিনিটের দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন পালং কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী।
নিহত আতিকুর রহমান খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলখোলা এলাকার বাসিন্দা মুজাফ্ফর আহমদের ছেলে।
স্থানীয়দের বরাতে সুকান্ত চক্রবর্তী বলেন, খুনিয়াপালং ইউনিয়নে পালং কনভেনশন হলের সামনে একটি ট্রাকের সঙ্গে আতিকুর রহমানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও একজন আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
ডিবিসি/ এসভিএন