কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া উপকূলে অবস্থানরত নিউজিল্যান্ডের এক পর্যটক পরিবারের ওপর জলদস্যু হামলার ঘটনা ঘটেছে। তবে কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পরিবারের ৪ সদস্যকে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ২০২৪ সালে জন এওয়ার্ড পুডনেই তার পরিবারের চার সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন।
তারা ব্যক্তিগতভাবে একটি কাঠের বোটে সমুদ্রপথে ভ্রমণের পরিকল্পনা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকির কথা মাথায় রেখে তাদের নিরুৎসাহিত করেছিল। এমনকি গত ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও প্রদান করা হয়। উল্লেখ্য যে, এই পর্যটকদের ভিসার মেয়াদ চলতি বছরের ১৬ জানুয়ারি শেষ হয়ে গেছে।
কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। বুধবার মধ্যরাতে একদল জলদস্যু তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মালামাল লুট শুরু করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোস্ট গার্ডের একাধিক দল। বাহিনীর উপস্থিতি টের পেয়ে লুট করা মালামাল ফেলে রেখেই দস্যুরা পালিয়ে যায়। পরবর্তীতে পর্যটকদের উদ্ধার করে তাদের মালামাল বুঝিয়ে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বর্তমানে ওই পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/টিবিএ