জেলার সংবাদ

কক্সবাজারে নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর স্ত্রীর গলিত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজার সদর হাসপাতালে অসুস্থ শিশু সন্তানের চিকিৎসা করতে এসে নিখোঁজ হওয়া এক প্রবাসীর স্ত্রীর মরদেহ চার দিন পর হাসপাতালের লিফটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের সাধারণ লিফট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে অনুসন্ধানের একপর্যায়ে নিচে গর্তের ভেতর মরদেহটির সন্ধান পাওয়া যায়। নিহত কোহিনূর আকতার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

 

হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ ৫ বছর বয়সী মেয়ে মরিয়ম আক্তারকে চিকিৎসার জন্য হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে ভর্তি করান কোহিনূর আকতার। পরদিন ৪ মার্চ দুপুরে ওষুধ কেনার কথা বলে তিনি ওয়ার্ড থেকে নিচে নামেন। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিহতের শ্বশুর আলী আকবর কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজের পর থেকে পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে সন্ধান চালালেও আজ দুপুরে হাসপাতালের লিফটের নিচ থেকে তাঁর পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতের স্বজন আব্দুল্লাহ আল মামুন জানান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে নিখোঁজের দিন কোহিনূর আকতারকে চারতলার লিফটে প্রবেশ করতে দেখা গেলেও তিনি আর বের হননি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা লিফটের নিচে তল্লাশি চালিয়ে মরদেহের সন্ধান পায়। এটি লিফট দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্বজনরা।

 

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো জানান, দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে লিফটের নিচের গর্তে মরদেহটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনদের উপস্থিতিতে উদ্ধার কাজ শুরু হয়। 

 

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জানান, নারীটি ঠিক কীভাবে সেখানে পড়ে গেলেন বা মৃত্যুর প্রকৃত কারণ কী, তা উদ্ঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন