কক্সবাজারের চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। পাঁচদিনের অবিরাম বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে দুই উপজেলার বিস্তৃত এলাকার লোকালয়। চারদিকে থৈ থৈ করছে বন্যার পানি। ভয়াবহ এই দুর্যোগের মধ্যেই চকরিয়া ও মাতামুহুরীতে বানের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৫ টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকায় এবং সকাল সাড়ে ১১ টার দিকে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড চরপাড়া এলাকায় পৃথক এসব মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতরা হলো চকরিয়ার মাইজ কাকারা এলাকার সোলতান আহমদ এর ছেলে ওয়াকিম (২) এবং মাতামুহুরীর চরপাড়া এলাকার আরিফুল ইসলাম এর ছেলে পুষ্প (৩)।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বন্যার পানি হু হু করে লোকালয়ে ঢুকে পড়ায় গ্রামের রাস্তাঘাট,উঠান এবং ঘরবাড়ি প্লাবিত হয়। পরিবারের সদস্যদের অজান্তে ঘরের পাশে জমে থাকা বন্যার গভীর পানিতে পড়ে যায় শিশু ওয়াসিফ ও পুষ্প।
পরবর্তীতে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বন্যার পানি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার দায়িত্বরত নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বানের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারসহ পাহাড়ধসে নিহত দুইজনের পরিবারকেও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।
ডিবিসি/এসএস