একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আজ শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং জেলা প্রশাসক মো. আবদুল মান্নানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির অনুষ্ঠানস্থলে যান এবং সেখানে একটি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর সকালে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে আরও রয়েছে পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। পরবর্তীতে তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন সরকারপ্রধান।
জনসভা শেষে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন এবং সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী। সকল আনুষ্ঠানিকতা শেষে আজ রাতেই আকাশপথে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ডিবিসি/টিবিএ