বাংলাদেশ, জেলার সংবাদ

কক্সবাজারে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই ডিসেম্বর ২০২৫ ০৬:১৫:৫৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির পাশে মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই এলাকার আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ নোমান (৫) এবং বেলাল উদ্দিনের মেয়ে জন্নাতুল ফেরদৌস (৫)। তারা দুজনই সমবয়সী এবং প্রতিবেশী।

 

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ওরফে সোনা মিয়া জানান, কিছুদিন আগে শিশু মোহাম্মদ নোমানের বাড়ির উঠানের এক পাশ থেকে ঘরোয়া বা অন্যান্য কাজের প্রয়োজনে গভীর গর্ত করে মাটি উত্তোলন করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে সেই গর্তে নিচ থেকে পানি উঠে এবং বৃষ্টির পানি জমে গর্তটি একটি ছোট কূপে পরিণত হয়। পরিবারের অগোচরেই এই গর্তটি শিশুদের জন্য মরণফাঁদে পরিণত হয়।

 

ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ নোমান ও জন্নাতুল ফেরদৌসসহ স্থানীয় আরও বেশ কয়েকজন শিশু মিলে ওই গর্তের পাশে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত নোমান ও জন্নাতুল গর্তের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। দূর থেকে বিষয়টি দেখতে পান শিশু জন্নাতুল ফেরদৌসের মা। তিনি তাৎক্ষণিকভাবে চিৎকার করে দৌঁড়ে ঘটনাস্থলে পৌঁছান এবং পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করেন।

 

পরবর্তীতে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই শিশুর মরদেহ বর্তমানে তাদের নিজ বাড়িতে রয়েছে। 

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন