কক্সবাজারের রামু ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাত কোটি ২০ লাখ টাকা মূল্যের দুই লাখ ৪০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
বুধবার পৃথক সময় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে এসব অভিযান চালানো হয়েছে।
এর মধ্যে বুধবার সকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ ) রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে মোটর সাইকেলে তেলের ট্যাংকির ভিতরে লুকিয়ে পাচারকালে ৪০ হাজার ইয়াবাসহ এক আরোহীকে আটক করা হয়েছে বলে জানান,
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
তিনি বলেন, সকালে বিজিবির সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোস্টে যানবাহনে নিয়মিত তল্লাশী কার্যক্রম চালাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা একটি মোটর সাইকেল পৌঁছালে বিজিবির সদস্যরা থামায়। এতে আরোহীকে জিজ্ঞাসাবাদকালে আচরণ সন্দেহ মনে হওয়ায় গাড়ীটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশী চালানো হয়।
‘এসময় মোটর সাইকেলটির তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা এসব ইয়াবার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।’
আটক করা হল- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আন্দারমানিক আওয়ালাপাড়ার মো. মোজাহের মিয়ার ছেলে মো. জসিম (৩৫) এবং একই এলাকার মৃত ফয়জুল আহমদের ছেলে মোঃ আলমগীর (৪৯)।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
এদিকে বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার উলুবনিয়া সীমান্তে ২ লাখ ইয়াবাসব এক পাচারকারিকে আটক করা হয়েছে বলে জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো, জহিরুল ইসলাম।
তিনি বলেন, ভোররাত টেকনাফের উলুবনিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে শূণ্যরেখা অতিক্রম করে ছোট একটি বস্তাসহ সন্দেহজনক ২ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকগুলো সাথে থাকা বস্তাটি ফেলে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলে অন্যজন পালিয়ে যায়।
‘পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ লাখ ইয়াবা। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।’
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।
ডিবিসি/ আরএফই