জেলার সংবাদ

কক্সবাজারে বৃষ্টিভেজা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে বৃষ্টিভেজা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাশেদা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি আরিফুর রহমান মজুমদার। নিহত রাশেদা বেগম (৩৫) একই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।

স্থানীয়দের বরাতে আরিফুর রহমান মজুমদার বলেন, দুপুরে ঘরের পাশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে একটি গাছের ডাল কাটতে যান রাশেদা বেগম। গাছটির ঠিক ওপর দিয়ে গেছে পল্লী বিদ্যুতের প্রধান লাইনের তার। একপর্যায়ে অসাবধানতাবশত একটি কাঁচা ডাল বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে। এতে পুরো গাছটি মুহূর্তেই বিদ্যুতায়িত হলে রাশেদা বেগম ছিটকে উঠানে পড়ে যান। ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয় বলে জানান চকরিয়া থানার ওসি আরিফুর রহমান মজুমদার।


নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুপুরের দিকে রাশেদা ঘরের পাশের গাছের ডাল ছাঁটতে গিয়েছিল। হঠাৎ বাইরে একটা বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে দৌড়ে বের হই। এসে দেখি সে উঠানে অচেতন হয়ে পড়ে আছে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।’


এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি আরিফুর রহমান মজুমদার।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন