বাংলাদেশ, জেলার সংবাদ

কক্সবাজারে মাদকাসক্ত ছেলের অস্ত্রের আঘাতে বাবার মৃত্যু, ছেলে আটক

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে খলিলুর রহমান (৫৫) নামের এক প্রতিবন্ধী বাবা নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মোহাম্মদ মিনারকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত খলিলুর রহমান একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খলিলুর রহমান এক পা হারিয়ে প্রতিবন্ধী জীবনযাপন করছিলেন। অন্যদিকে তাঁর ছেলে মিনার বখাটেদের সঙ্গে মিলে নিয়মিত মাদক সেবন করত। পারিবারিক বিরোধ ও মাদকের টাকার জন্য মিনার প্রায়ই তাঁর বাবাকে পীড়াপীড়ি করত, যা নিয়ে দুজনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি ও ঝগড়া লেগে থাকত। 

 

শুক্রবার জুমার নামাজের পর মিনার বাবার কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ধারালো দা দিয়ে বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে খলিলুর রহমানের একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, ঘটনার পর খলিলুরের নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। এদিকে বাবাকে হত্যার পর মিনার দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে ফেলে এবং পরে পুলিশ ঘটনাস্থলে এলে তাদের কাছে হস্তান্তর করা হয়।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, স্থানীয় লোকজনের সহায়তায় মিনারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন