কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উখিয়া উপজেলার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এস-৪/বি-৭ ব্লক সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোরাজান (২৯) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লকের হাশিম উল্লাহর স্ত্রী। তিনি চার সন্তানের জননী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওই ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া নারীর শরীরে প্রাথমিক অবস্থায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড-তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিবিসি/এসএফএল