কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবিদ (১৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী হাসান আবিদ বান্দরবানের আজিজনগরের গায়েনাকাটা এলাকার বাসিন্দা।
নিহতের বন্ধু মোহাম্মদ আরিফ জানান, তারা চার বন্ধু চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকানের কর্মচারী। বৃহস্পতিবার সকালে তারা একত্রে কক্সবাজার ভ্রমণে আসেন। দলের অন্য দুই সদস্য হলেন মোহাম্মদ তানজিম ও রিপন। দুপুর আড়াইটার দিকে তারা চারজনই সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে আবিদ তীব্র স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীদের জানানো হয়। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৪টার দিকে সাগরের পানিতে আবিদকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মী তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত পর্যটককে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
ডিবিসি/এসএফএল