কক্সবাজারের রামুতে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৫৯ রাউন্ড রাইফেলের গুলি ও ১,৯৭০ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা-গোয়ালিয়া উপসড়কের গোয়ালিয়া পালং এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক চালকের নাম মো. সৈয়দুল বশর (২৮)। তিনি উখিয়া উপজেলার জালিয়াাপালং ইউনিয়নের মাদারবুনিয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে।
উখিয়ার মরিচ্যা বাজার থেকে গোয়ালিয়া পালংগামী একটি ইজিবাইকে করে অবৈধ মালামাল পাচারের গোপন সংবাদ পায় বিজিবি। এই তথ্যের ভিত্তিতে গোয়ালিয়া পালং এলাকায় একটি অস্থায়ী চৌকি স্থাপন করে তল্লাশি শুরু করা হয়।
মরিচ্যা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে চালকের আচরণে সন্দেহ হলে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। একপর্যায়ে চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৯টি এমজি রাইফেলের গুলি এবং ১ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবিসি/টিবিএ