বাংলাদেশ, জেলার সংবাদ

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজার শহর ও টেকনাফের মেরিন ড্রাইভে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে ঘটা এই দুর্ঘটনাগুলোতে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন এবং টেকনাফে পর্যটকবাহী মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।

নিহতরা হলেন কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজ কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসরত মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।

 

কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর ১টার দিকে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল একজন পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ও পথচারী উভয়েই রাস্তায় ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

 

এদিকে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেরিন ড্রাইভের মারিশবুনিয়া এলাকায় টেকনাফগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামের এক বৃদ্ধ নিহত হন। জানা গেছে, কক্সবাজার থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুইজন পর্যটক টেকনাফ যাচ্ছিলেন। পথিমধ্যে মারিশবুনিয়া এলাকায় সড়ক পার হওয়ার সময় ওই বৃদ্ধকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও পুলিশ গাড়িটি জব্দ করেছে।

 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন