বাংলাদেশ, জেলার সংবাদ

কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে ডিসেম্বর ২০২৫ ১০:৩০:৫৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭শে ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে এই আগুনের সূত্রপাত হয়। তবে জাহাজটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।


সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রতিদিনের মতো সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে পর্যটক নিতে ঘাটে আসছিল জাহাজটি। ভেড়ার আগমুহূর্তে হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তেই তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের যাত্রা পর্যবেক্ষণ করতে আমরা ঘাট এলাকায় অবস্থান করছিলাম। ঠিক তখনই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও স্বস্তির বিষয় হলো, পর্যটকরা ওঠার আগেই আগুন লেগেছে। মাঝ সাগরে যাত্রী বোঝাই অবস্থায় এমনটা ঘটলে ভয়াবহ বিপর্যয় হতে পারতো।


কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানিয়েছেন, আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে জাহাজের ভেতরের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন