কক্সবাজারে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে মিয়ানমারে পাচারের সময় ৩টি মাছ ধরার ট্রলারসহ ৩৩ জন পাচারকারীকে আটক করেছে যৌথবাহিনীর বাহিনীর সদস্যরা। এ সময় ট্রলারগুলো থেকে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।
আজ রবিবার (১৭ মে) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারে চোরাই পণ্যের একটি বড় চালান পাচারকালে শনিবার সেন্টমার্টিন সংলগ্ন সাগরপথে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে সন্দেহভাজন তিনটি মাছধরা ট্রলার দেখে থামার নির্দেশ দেয়। কিন্তু পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া করে ট্রলার তিনটি জব্দ এবং ৩৩ জনকে আটক করে।
পরে ট্রলারগুলোতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কোস্টগার্ড কর্মকর্তারা জানান, জব্দকৃত ট্রলারগুলোর মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন স্থান থেকে সিমেন্ট বোঝাই করে সাগরপথে মিয়ানমারে পাচার করা হচ্ছিল।
এই সিমেন্টগুলো মিয়ানমারের আরাকান রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠী 'আরাকান আর্মির সদস্যদের কাছে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটককৃতরা স্বীকার করেছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/টিবিএ