নাটোরের সিংড়া উপজেলায় গরু চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে গ্রামবাসী। পালানোর সময় অভিযুক্তরা একটি খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়ে। পরে গ্রামবাসী টানা ৯ ঘন্টা তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
বুধবার (১৫ জুলাই) চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে উপজেলার ছোট চৌগ্রাম বাজার এলাকায় একটি ট্রাক থেকে গরু ডাকাতি চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে অভিযুক্ত চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে দুইজন পাশের একটি খালের ঘন কচুরিপানার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন।
পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর কচুরিপানার ভেতর থেকে ওই দুইজনকে বের করে আটক করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, আটকের সময় কিছু উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তাদের নিরাপদে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হলে তার তত্ত্বাবধানে আটক দুইজনকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
স্থানীয় যুবক রাকিব বলেন, কচুরিপানার নিচে লুকিয়ে তারা হয়তো পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এলাকাবাসীর নজর এড়াতে পারেনি।
তবে এ ঘটনায় আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবিসি/এসএস