বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে, আদালত প্রাঙ্গণে ফাহিমের আইনজীবীর কাছ থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এক পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) আসামি ফাহিমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই আবেদনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
এ আইনি প্রক্রিয়ার মাঝেই আদালত প্রাঙ্গণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফাহিমের আইনজীবীর সঙ্গে অভিযুক্ত এক পুলিশ সদস্য নিভৃতে আলাপ করছেন। কিছুক্ষণ কথা বলার পর তারা হাত মেলান এবং সেসময় আইনজীবীর হাত থেকে পুলিশ সদস্য হাতে কিছু একটা গুঁজে দিতে দেখা যায়, যা টাকা বা ঘুষ বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি ক্যামেরাবন্দি হচ্ছে বুঝতে পেরে ওই পুলিশ সদস্য দ্রুত সেখান থেকে লুকিয়ে পড়েন। এই ঘুষ লেনদেনের ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে অভিযুক্ত সেই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডিবিসি/এএমটি