বাংলাদেশ, জেলার সংবাদ

কন্যাসন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চাইলেন ফেনীর এক বাবা

ফেনী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিজের কন্যাসন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শটগানের লাইসেন্স চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তানজিরুল ইসলাম সম্রাট নামের এক বাবা। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী তানজিরুল ইসলাম নিজেই। এর আগে গত ৩১ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় তিনি এই আবেদনপত্রটি জমা দেন।


আবেদনপত্রে তানজিরুল ইসলাম উল্লেখ করেন, তার সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি এবং একের পর এক অনাকাঙ্ক্ষিত অপরাধমূলক ঘটনার কারণে সন্তানের নিরাপত্তা নিয়ে তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।


তিনি আরও জানান, একজন দায়িত্বশীল পিতা হিসেবে পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আত্মরক্ষার জন্যই তার একটি বৈধ অস্ত্রের প্রয়োজন। আবেদনে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, অস্ত্রের অপব্যবহার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব এবং প্রচলিত আইন ও বিধিবিধানের সব শর্ত মেনে চলব।


সম্প্রতি দেশজুড়ে শিশু নির্যাতন ও সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১৯ মে ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। ওই ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থী, সচেতন নাগরিক ও এলাকাবাসী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।


মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দেশের এই উদ্বেগজনক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত মাত্র সাড়ে চার মাসেই দেশে অন্তত ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ধর্ষণ বা নির্যাতনের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আরও অন্তত ১৭ শিশু। মূলত এই সামাজিক নিরাপত্তাহীনতা থেকেই একজন বাবা হিসেবে এই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন বলে জানান তানজিরুল ইসলাম।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন