বগুড়ায়

কবরস্থানে গাঁজার গাছ লাগিয়ে ব্যবসা, ১২ ফুট লম্বা গাছসহ বিক্রেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ার গাবতলী উপজেলায় নিজের বাড়ির পাশে কবরস্থানে গাঁজার গাছ লাগিয়ে অভিনব কায়দায় মাদক ব্যবসার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (২ আগস্ট) রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিরাজুল একই গ্রামের ফরিদ ফকিরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করেন কর্মকর্তারা। সিরাজুল ইসলামের বসতঘর থেকে মাত্র ১০ গজ উত্তরে অবস্থিত একটি কবরস্থানের পাশে অত্যন্ত সুকৌশলে গাঁজার গাছটি আবাদ করা হচ্ছিল। সেখান থেকেই উৎপাদিত গাঁজা তিনি নিয়মিত বিক্রি করতেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার সিরাজুল ইসলাম নিজে একজন মাদকসেবী এবং একইসঙ্গে তিনি গাঁজা ব্যবসায়ী। জব্দ করা গাঁজার গাছটির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সিরাজুল তিন ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। কখনো তিনি দাবি করেছেন গাছটি প্রাকৃতিকভাবেই সেখানে বড় হয়েছে, কখনো বলেছেন তার মেয়ে এটি লাগিয়েছে, আবার কখনো বলছেন অন্য একজনের কাছ থেকে কিনে তিনি গাছটি রোপণ করেছিলেন। তার দেওয়া এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করে দেখছে কর্তৃপক্ষ।

 

উপ-পরিচালক আরও জানান, এই অভিনব মাদক ব্যবসার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে নিবিড় তদন্ত চলছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে গ্রেপ্তার সিরাজুলের বিরুদ্ধে গাবতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন