বাংলাদেশ, জাতীয়

কবি নজরুল ছিলেন সাহিত্য গগনের উজ্জ্বল নক্ষত্র: আইনমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাহিত্য গগনের এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্যকর্ম শুধু এই উপমহাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও গবেষণার বিষয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আইনমন্ত্রী বলেন, নজরুল ছিলেন সাম্য, দ্রোহ, প্রেম ও মানবতার কবি। তিনি ধনী-দরিদ্র, খেটে খাওয়া ও নিপীড়িত মানুষের কথা সাহিত্যে অনন্যভাবে তুলে ধরেছেন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি সব সময়ই ছিলেন সোচ্চার। বাংলাদেশের মানুষ নজরুলকে গভীরভাবে ভালোবাসে, এ দেশের মানুষ তাকে কখনো ভুলতে পারবে না।


তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই নজরুল রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন। তিনি মনে-প্রাণে বিশ্বাস করতেন-সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ধর্মের অপব্যবহার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের দর্শন আজও সমান প্রাসঙ্গিক।


ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে আইনমন্ত্রী বলেন, নজরুল ১৯১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর স্কুলে ভর্তি হন এবং ফারসি ভাষায় ৯৮ নম্বর পেয়েছিলেন। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে আজ বিশ্বজুড়ে বিবেচিত।


ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া।


তিন দিনব্যাপী জন্মজয়ন্তী আয়োজনের দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ ত্রিশাল ও ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন