পাকিস্তানের করাচিতে একটি তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ভবনটির নিচতলায় এই বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো কাঠামোর একাংশ ধসে পড়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই এই ভয়াবহ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে।
দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। নিহতদের তালিকায় নাজিয়া নামের ১০ বছর বয়সী এক শিশু এবং এক নারী রয়েছেন বলে জানা গেছে। এছাড়া ধ্বংসস্তূপ থেকে ১৪ বছর বয়সী এক কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে আরও বেশ কয়েকটি শিশু রয়েছে এবং তাদের সবাইকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
উদ্ধারকারী কর্তৃপক্ষের ধারণা, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত দুইজন আটকা পড়ে আছেন। তবে ভবনের চারপাশের রাস্তাঘাট অত্যন্ত সরু হওয়ায় ভারি যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। বর্তমানে পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে এবং উদ্ধার ও অনুসন্ধান অভিযান নির্বিঘ্ন করতে ঘটনাস্থলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: জিও নিউজ
ডিবিসি/এফএইচআর