পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি চলাকালে প্রাণঘাতী সংঘাতের সৃষ্টি হয়েছে এবং এতে অন্তত ১০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে যে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মার্কিন মেরিন সেনারা সেখানে গুলিবর্ষণ করেছিল।
তবে মেরিন সেনাদের ছোড়া গুলিতেই বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে কি না, নাকি কনস্যুলেট রক্ষায় নিয়োজিত স্থানীয় পুলিশ ও বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনার পর পাকিস্তানে বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি ও উত্তেজনার কথা বিবেচনা করে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস সব ধরণের ভিসা সাক্ষাৎকার ও কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বাতিল ঘোষণা করেছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো পাকিস্তান জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এফএইচআর