ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কক্ষে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে এ হামলার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন ওই শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিক্ষিকার কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহত্যার চেষ্টা করতে দেখেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তবে দুজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
ডিবিসি/এএমটি