ভারত

কলকাতার নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কলকাতার প্রাণকেন্দ্র নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনার জেরে জোড়াসাঁকো থানা এলাকার বাসিন্দা আব্দুল জাফর নামের এক ব্যক্তিকে এন্টালি এলাকা থেকে গতকাল রাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আব্দুল জাফর শিখা ইন নামের ওই হোটেলটি বিল্ডিংয়ের মূল মালিক বীরেশ্বর মিত্রের কাছ থেকে লিজ নিয়ে পরিচালনা করছিলেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দায়বদ্ধতা খতিয়ে দেখতে হোটেলটির দুই কর্মচারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

 

ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানি  গত বুধবার (১৯ আগস্ট) ভোরে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ওই আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লাগে। এই দুর্ঘটনায় মোট নয়জন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশের নাগরিক এবং বাকি দুজন ভারতীয় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর থেকেই থমথমে রয়েছে পুরো নিউমার্কেট এলাকা।

 

ময়নাতদন্ত ও কূটনৈতিক তৎপরতাঘটনার দিনই কলকাতার কাঁটাপুকুর পুলিশ মর্গে সমস্ত মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমানে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা চালাচ্ছেন উপ-দূতাবাসের কর্মকর্তারা।

 

বিশেষ তদন্তকারী দল ও প্রশাসনের কঠোর বার্তাগতকালের এই মর্মান্তিক দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুব শীঘ্রই তাদের প্রতিবেদন জমা দেবে এবং রিপোর্ট পাওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পুরো ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্র পাল।

 

একই সঙ্গে অবৈধভাবে হোটেল ব্যবসা পরিচালনাকারীদের কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, সমস্ত হোটেল ব্যবসায়ীকে আবশ্যিকভাবে সরকারি নিয়ম ও অগ্নিনিরাপত্তা নির্দেশিকা মেনে ব্যবসা চালাতে হবে। অন্যথায় সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন