সপ্তাহের প্রথম দিনেই অগ্নিকাণ্ডের জেরে তীব্র আতঙ্ক ছড়াল কলকাতার ব্যস্ততম শিয়ালদহ রেল স্টেশন চত্বরে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন একটি ফুড কোর্টে (খাবারের দোকান) আচমকা আগুন লেগে যায়। ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে স্টেশন চত্বরে উপস্থিত হাজার হাজার নিত্যযাত্রীর মধ্যে হুড়োহুড়ি ও ভীতি ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এন্টালি দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। রেলের নিজস্ব অগ্নিনির্বাপক দল এবং দমকল কর্মীদের প্রায় এক ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর।
প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফুড কোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কার্যকর ছিল না বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে আগুন নেভানোর জন্য শিয়ালদহ স্টেশন থেকে পর্যাপ্ত জল পাওয়া যায়নি বলেও দাবি করেছেন দমকল আধিকারিকরা।
ঘটনার খবর পেয়ে সকালেই এলাকা পরিদর্শনে আসেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)-সহ রেল প্রশাসনের পদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে বিধ্বংসী আগুনে ৯ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে ৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিয়ালদহের মতো জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।