কলকাতায় মধ্যরাতে নির্মাণাধীন বহুতল ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। গার্ডেনরিচে পাহাড়পুরের হাজারি মোল্লা বাগান এলাকায় ৫১৩/৩ ব্যানার্জিপাড়া লেনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এখনো চাপা পড়ে আছেন অনেকে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী একাধিক দল। মৃত এবং আহত সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
দুর্ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগ ও সিভিল ডিফেন্স কর্মী ছাড়াও এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) উদ্ধার কাজে যোগ দিয়েছে।
রবিবার (১৭ মার্চ) ভারতীয় সময় রাত ১২টা নাগাদ কলকাতা পৌরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান রবিবার ওই বহুতলের পাঁচতলার ঢালাইয়ের কাজ হয়েছিল। এরপর রাতেই বহুতলটি ভেঙে পড়ে। কলকাতার গার্ডেনরিচ অঞ্চলটি ইসলাম ধর্মাবলম্বী মানুষের বসবাস বেশি। দুর্ঘটনা নিয়ে এলাকাবাসী অভিযোগ, এখানে একসময়ে পুকুর ছিল। সেসব ভরাট করে একের পর এক বহুতল নির্মিত হওয়ার ফলেই এমন বিপদ।
গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। অসুস্থ শরীরে মাথায় ব্যান্ডেজ নিয়ে বৃষ্টির মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী বলেছেন, সকলে রোজা করে আছে, তাও সারারাত এলাকার মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। স্বাস্থ্য দপ্তর, দমকল, পুলিশ, কাউন্সিলররা সারারাত ধরে কাজ করেছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বিল্ডিংয়ের নিচে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়া হবে। এই নির্মাণকাজ কীভাবে হচ্ছিল, কোনো আইনি বৈধতা হয়েছিল কিনা সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে। আহত এবং নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে ওই নির্মাণাধীন বাড়ির প্রোমোটারকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যেই আহত ও নিহতদের পরিবারের সদস্যের হাতে ক্ষতিপূরণ বাবদ ১ ও ৫ লাখ রুপি করে দেওয়ার কথা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
ডিবিসি/ এসএসএস