পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পার্ক সার্কাস ময়দানে আয়োজিত এক বিশাল ইফতার মাহফিলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘দাওয়াত-এ-ইফতার’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রায় ২ হাজার মুসল্লির সঙ্গে ইফতার করেন তিনি। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে কলকাতা পৌরসভা আয়োজিত এই অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান মুখ্যমন্ত্রী
পবিত্র রমজান মাসের অষ্টম দিনে আয়োজিত এই মাহফিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতার সংসদ সদস্য মালা রায়, মেদিনীপুরের সংসদ সদস্য জুন মালিয়া, উত্তর কলকাতার সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দমকল মন্ত্রী সুজিত বসুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এপ্রিল মাসে পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হতে চলায় নির্বাচনী আচরণবিধি নিয়ে বিতর্ক এড়াতে এবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে অত্যন্ত খোশমেজাজে দেখা যায়। তিনি উপস্থিত পীরজাদা ও মৌলভীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং নিজ হাতে খাবার পরিবেশন করেন। যদিও এদিন তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি, তবে নিজের ঘনিষ্ঠ বৃত্তে কথা বলার পাশাপাশি অনুষ্ঠানে আসা শিশুদের সঙ্গে তাকে খুনসুটি করতে দেখা যায়। এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) হুগলি জেলার ফুরফুরা শরীফে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডিবিসি/টিবিএ