আন্তর্জাতিক, ভারত

কলকাতা থেকে সরিয়ে ফেলা হলো মেসির ৭০ ফুটের ভাস্কর্য

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাঠামোগত দুর্বলতা এবং জননিরাপত্তার আশঙ্কায় সোমবার (১ জুন) কলকাতার ভিআইপি রোডের লেক টাউনে স্থাপিত আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ৭০ ফুট উঁচু ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়েছে।

আর্জেন্টিনার ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয় উদযাপনের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি হাতে মেসির এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে মেসির "GOAT Tour" চলাকালীন তিনি নিজেই ভার্চুয়ালি বিশ্বের অন্যতম উঁচু এই ফুটবল ভাস্কর্যটির উদ্বোধন করেছিলেন। সেসময় বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছিল।


উদ্বোধনের পর ভাস্কর্যটি ব্যাপক জনপ্রিয়তা পেলেও সম্প্রতি কালবৈশাখী ও প্রবল বাতাসে এটি দৃশ্যমানভাবে দুলতে শুরু করলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পূর্ত দপ্তরের (PWD) প্রকৌশলীদের পরিদর্শনে এর গুরুতর কাঠামোগত ত্রুটি ধরা পড়ে।

 

জানা যায়, ফাইবারগ্লাস এবং লোহার ফ্রেম দিয়ে তৈরি এই ভাস্কর্যটিতে আসন্ন বর্ষার প্রবল বাতাস সহ্য করার মতো প্রয়োজনীয় প্রকৌশলগত সক্ষমতা নেই। বর্তমান স্থানে রেখে ভাস্কর্যটির কাঠামো শক্তিশালী করা সম্ভব নয়—এমন সিদ্ধান্তে পৌঁছানোর পরই এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।


সোমবার পূর্ত দপ্তরের কর্মীরা গ্যাস টর্চ এবং ৪০ টনের একটি হাইড্রোলিক ক্রেন ব্যবহার করে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ভাস্কর্যটিকে বেদি থেকে নামিয়ে একটি ট্রাকে তোলেন।

 

ভাস্কর্যটি বর্তমানে পূর্ত দপ্তরের হেফাজতেই থাকবে। এটি পুনরায় কোথায় স্থাপন করা হবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে রাজ্য সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতে এটি রবীন্দ্র সরোবর বা ইকো পার্কে স্থাপন করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

একসময়ের বিপুল জনপ্রিয় এই ভাস্কর্যটি এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শহরের এই ধরনের বৃহৎ সরকারি স্থাপনাগুলোর পরিকল্পনা, প্রকৌশলগত মান এবং অনুমোদন প্রক্রিয়া নিয়েও এখন প্রশ্ন উঠছে।
 

সূত্র: এনডিটিভি


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন